দেশের সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮, সারাজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজকে যে বাংলাদেশ দেখছি, এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।’
সম্প্রতি দু’টি জাতীয় দৈনিকের অফিস ছাড়াও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে প্রথম আলো-ডেইলি স্টার নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, কথা বলার যে অধিকার তার ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘কোনো রাজনৈতিক দল-সংগঠন নয়, সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদের আজ শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।’
এদিন সভায় অন্যদের মধ্যে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ ছাড়াও সম্পাদক পরিষদের সদস্যসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।