জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ৬জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২০ জানুয়ারি ঘোষণা করা হবে। এ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় ৮ আসামি হলেন-ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। এই আসামিদের মধ্যে প্রথম চারজন পলাতক। পরের চারজন কারাগারে আছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিদের মধ্যে হাবিবুর, সুদীপ, আখতারুল, ইমরুল ও আরশাদ—এই পাঁচজনের বিরুদ্ধে কমান্ড রেসপনসিবিলিটির (নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে। তারা হত্যাকাণ্ডের নির্দেশদাতা বা অপরাধ সংঘটনের সুযোগ করে দিয়েছেন। আর সুজন, ইমাজ ও নাসিরুলের বিরুদ্ধে সরাসরি গুলি করার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউশন।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সারা দেশে ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে চানখাঁরপুল এলাকায় শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল গত ২৫ মে।
এরআগে গত ১৪ জুলাই মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।