শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

টমাস ডুলির হাত ধরে ফিরলেন জিকো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬
টমাস ডুলির হাত ধরে ফিরলেন জিকো

বাংলাদেশ ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নতুন প্রধান কোচ টমাস ডুলির অধীন আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ইউরোপের দলটির বিপক্ষে মর্যাদার এ লড়াইকে সামনে রেখে আজ সকালে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ স্কোয়াডের সবচেয়ে বড় খবর—জাতীয় দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের গোলিকপার আনিসুর রহমান জিকো। সদ্য সমাপ্ত মৌসুমে পোস্টের নিচে অবদান রাখার পুরস্কারই মূলত পেলেন জিকো। সাবেক কোচ হাভিয়ের কাবরেরার অধীন ২০২৪ সালে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কাবরেরার প্রথম পছন্দ হিসেবে খেলানো হয়েছিল মিতুল মারমাকে। তবে জিকো স্কোয়াডে ফিরলেও একাদশে থাকবেন কি না, এখনই বলা কঠিন।

এদিকে ব্যক্তিগত কারণে এই সফরে থাকছেন না নিয়মিত উইঙ্গার রাকিব হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। তাঁর জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন রফিকুল ইসলাম। দলকে নতুনভাবে সাজাতে গিয়ে বেশ কিছু রদবদল করা হয়েছে।

জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়া তিন তরুণ মঞ্জুরুল মানিক, সজীব ওমর এবং মিরাজুল ইসলামকে পাঠানো হয়েছে বয়সভিত্তিক দলে। কপাল পুড়েছে মোহামেডানের ডিফেন্ডার রহমত মিয়া, আবাহনীর ফরোয়ার্ড ইব্রাহিম ও পিডব্লিউডি ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীনেরও। ২৩ জনের এই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি তাঁরা। রক্ষণভাগকে শক্তিশালী করতে গতকালই দলে যোগ দিয়েছেন ডিফেন্ডার তারিক কাজী।

প্রথম দিনের অনুশীলনে জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি ও অধিনায়ক জামাল ভূইয়া।

টমাস ডুলিকে ডাগআউটে সহায়তা করতে শক্তিশালী এক কোচিং প্যানেল ঘোষণা করা হয়েছে। সহকারী কোচ হিসেবে থাকছেন মার্কো বোনোফিগ্লিও ও জাতীয় দলের সাবেক ডিফেন্ডার হাসান আল মামুন। গোলকিপার কোচের দায়িত্ব সামলাবেন এ কে এম নুরুজ্জামান।

আগামীকাল দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। শমিত সোম, জায়ান আহমেদ এবং হামজা দেওয়ান চৌধুরী নিজ নিজ অবস্থান থেকে ২ জুন সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১। সান মারিনো সবার নিচে ২১১। ইতালির ভেতরেই গড়ে ওটা ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য বিরাট এক মর্যাদার।

২৩ সদস্যের বাংলাদেশ দল:

মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, ফাহিমিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...