বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আখতার আহমেদ বলেন, আমার জানামতে, তারেক রহমান ভোটার হননি এখনও। তারেক রহমানের প্রার্থিতা বা ভোটার হওয়া বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিতে পারবে।
তিনি জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে।
নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।
সম্প্রতি বিএনপির সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, চলতি মাসের মধ্যভাগে দেশে ফিরে তারেক রহমান ভোটার হবেন। নির্বাচন কমিশন (ইসি) জানায়, বয়সসীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে যে কোনো সময় আবেদন করে ভোটার হতে পারেন। তবে যারা নতুন ভোটার হওয়ার সময়সীমা (৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর) মিস করেছেন, তাদের এখন আর অন্তর্ভুক্তির সুযোগ নেই। যেহেতু তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন, তাই মনোনয়নপত্র জমার আগেই তাকে ভোটার হতে হবে।
২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে ছিলেন। জোবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার হলেও তারেক এখনও আবেদন করেননি। ভোটার আইডির জন্য স্বাক্ষর, ১০ আঙুলের ছাপ ও আইরিশ বাধ্যতামূলক হওয়ায় দেশে ফিরেই তিনি সব প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর...