নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে দুদিনে মোট আবেদন জমা পড়েছে ১৬৪টি। মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির এ-সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এসব তথ্য জানানো হয়।
ইসির তথ্যানুযায়ী, মঙ্গলবার ১০ অঞ্চলে মোট ১২২টি আবেদন পড়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১৭টি, খুলনা অঞ্চলে ১৬টি, বরিশাল অঞ্চলে ৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, ঢাকা অঞ্চলে ২৩টি, ফরিদপুর অঞ্চলে ৫টি, সিলেট অঞ্চলে ৮টি, কুমিল্লা অঞ্চলে ১৪টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৮টি আপিল আবেদন জমা হয়েছে।
এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৪২ জন।
প্রসঙ্গত, তফসিলের অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।