রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

পুলিশকে সৎ, মানবিক ও জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার। আবার কবর দিতে গেলেও সেখানে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার।

তিনি বলেন, পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক ও সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা পুলিশকে সহযোগিতা করেন।

শনিবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আইজিপি বলেন, অতীতের স্বৈরাচারী বা ‘ফ্যাসিস্ট’ সময়ের মতো পুলিশব্যবস্থা যাতে আর না থাকে, সে লক্ষ্যেই কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশকে সৎ, মানবিক ও জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান তিনি। ব্যস্ত এসব মহাসড়কে চেকপোস্ট স্থাপন, টহল জোরদার এবং হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বাড়ানো হবে।

 

এছাড়া মহাসড়কে অবৈধ যান চলাচল ও সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইজিপি।

 

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরকে মাদকমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং এ জন্য পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


এ জাতীয় আরো খবর...