রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ ভবনের তৃতীয় তলায় অবস্থিত তাদের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক বাসায় প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। চাপাতির কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, একজন নিহত হয়েছেন। নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, হামলাকারী যুবকও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ কমিশনার আরও জানান, ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতাকে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আমরা তদন্ত করছি। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।