তিনি বলেন, কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন, যে আমরা কি কয়েকদিনের মধ্যেই অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যাবো? না, কয়েকদিনের ভেতরে হবেন না। তবে হ্যাঁ, পাঁচ, ছয় বা সাত বছর পর্যন্ত যদি একজন মা, একজন স্ত্রী বা একজন গৃহিণী যদি সহযোগিতাটা পান, নিশ্চয়ই এটি তাকে সাহায্য করবে। এ বছর না হলেও, আগামী বছর না হলেও, আগামী পাঁচ বছর পরে কিন্তু পরিবারটি একটি সচ্ছল পরিবার হবে। আপনার গ্রামে আপনার পরিবারটি যেমন সচ্ছল হবে, ধীরে ধীরে অন্য পরিবারগুলোও সচ্ছল হবে।
যেভাবে ফ্যামিলি কার্ড পৌঁছাবে মা-বোনদের হাতে
তারেক রহমান ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার বিষয়ে বলেন, হয়তো কেউ কেউ বলতে পারেন আমরা কি সকল মা-বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দেবো? না, সেভাবে করছি না। করছি তবে একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি, চার কোটি পরিবার আছে। বাংলাদেশে ৭০ শতাংশের মতো পরিবার গ্রামে থাকেন, ৩০ শতাংশের মতো পরিবার থাকে শহরে। আমরা কাজটি শুরু করবো পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করবো, শহরেরও কিছু কিছু অংশ নেবো। শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ ও পরিবারগুলো থাকে, সেই পরিবারগুলোকে নিয়ে কাজ শুরু হবে।
পরিবারের গৃহকর্ত্রীরা কার্ড পাবেন জানিয়ে তিনি বলেন, মা বা গৃহিণীদের কাছে আমরা কার্ড পৌঁছাবো। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে। এই কার্ডটির মধ্যে একটি নম্বর থাকবে। কার্ডটির মেয়াদ থাকবে এবং কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতো দাগ থাকবে। তবে চার কোটি পরিবারকে একবারে দিতে পারবো না। আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাবো।
তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডটি আমরা সব গৃহিণী, স্ত্রী ও মায়ের কাছে পৌঁছে দিতে চাই। এটি যেমন একজন কৃষকের স্ত্রী পাবেন, তেমন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রীও পাবেন। এটি একজন গ্রামের ভ্যানচালকের স্ত্রী পাবেন, একইভাবে এটি ইউএনও সাহেবের স্ত্রীও পাবেন। ডিসি সাহেবের বা এসপি সাহেবের স্ত্রীও এটা পাবেন, ক্ষুদ্র একজন ব্যবসায়ীর স্ত্রীও কার্ড পাবেন। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যাদের প্রয়োজন নেই, তারা কার্ড ফিরিয়ে দেবেন। আর তারা ফিরিয়ে দিলে আমরা সেই কার্ডটি সত্যিকার যাদের প্রয়োজন তাদের কাছে দিতে পারবো।
এদিকে পডকাস্ট বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে পডকাস্ট শো-তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। কারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণ আর কোনো অবাস্তবায়নযোগ্য ফাঁকা বুলি, মিথ্যা আশ্বাস শুনতে চায় না। জনগণ চায় স্পষ্ট অঙ্গীকার ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। তারেক রহমান পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত বিএনপির অঙ্গীকারগুলো ধারাবাহিকভাবে তুলে ধরবেন।
তিনি আরও বলেন, পডকাস্টে তারেক রহমান বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা তুলে ধরবেন, যার মাধ্যমে দেশের কোটি পরিবার আর্থিক ও খাদ্য সহায়তা এবং সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার পাবে। এছাড়া পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। কৃষক কার্ড কর্মসূচি নিয়ে আলোচনা করবেন, যার মাধ্যমে কৃষক কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সহজ শর্তে ঋণ সহায়তা এবং রাষ্ট্রীয় সুরক্ষা পাবেন। একই সঙ্গে পডকাস্টে ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান।