রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সেই রান-আউট নিয়ে রাওয়ালপিন্ডি পুলিশের বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলী আগার বিতর্কিত রান-আউটটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। সালমান আলি আগার সেই রান-আউট দিয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন তৈরি করেছে রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশ।

রাওয়ালপিন্ডি পুলিশ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে সালমান আঘার সেই আউটের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘রাস্তা হোক বা খেলার মাঠ, নিরাপদ থাকতে হলে অন্যের ওপর কম আর নিজের ওপর বেশি ভরসা রাখুন! আপনার ব্যক্তিগত সতর্কতা এবং দায়িত্বশীল আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ পুলিশের এই বার্তাটি মূলত একটি ট্রাফিক শিক্ষা, যাতে মানুষ সতর্কভাবে রাস্তায় চলাচল করতে পারে।

গতকাল শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে মিরাজের বলটি সামনে খেলেন স্ট্রাইকের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বল আসে মিরাজের দিকে, তিনি সেটি পা দিয়ে আটকান।

এ সময় নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান সালমান একটু এগিয়ে তার ক্রিজের বাইরে চলে যান। বলটি মিরাজ ও সালমানের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। কিন্তু সালমান বল ধরার আগেই মিরাজ খুব দ্রুত বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন।

এ ঘটনায় সালমান গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে মাঠেই ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ প্রশ্ন তোলেন বাংলাদেশ অধিনায়কের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েও। যদিও বল ‘ডেড’ হওয়ার আগে সালমান ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ী তিনি রানআউট।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে সালমান আলি আগার ৬২ বলে খেলা ৬৪ আর মাজ সাদাকাতের ৪৬ বলের ৭৫ রানের ঝড়ো ইনিংসে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির গতি এবং মাজ সাদাকাতের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৩.৩ ওভারে ১১৪ রানেই অলআউট হয় বাংলাদেশ।


এ জাতীয় আরো খবর...