১ জুন বিশ্ব দুগ্ধ দিবস। দুধ শুধু পুষ্টিকর খাদ্য নয়; এটি কৃষি, জনস্বাস্থ্য, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং নিরাপদ খাদ্যব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। ২০২৬ সালের বিশ্ব দুগ্ধ দিবসের মূল বার্তা নারী খামারিদের অবদানকে সামনে আনে—‘সেলিব্রেটিং উইমেন ফার্মার্স’। তাই এবারের দিনটি দুধের পুষ্টিগুণের পাশাপাশি সেন্সর, জিনভিত্তিক নির্বাচন, তথ্যপ্রযুক্তি এবং নারী খামারির ভূমিকা নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করেছে।
আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে দুগ্ধ খাতের গুরুত্ব বিশাল। বিশ্বে ১২০ থেকে ১৩৩ মিলিয়ন দুগ্ধ খামার রয়েছে এবং দুগ্ধ খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৪০ মিলিয়ন মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রায় ৩৭ মিলিয়ন দুগ্ধ খামার নারী নেতৃত্বে পরিচালিত হয়। দুগ্ধশিল্প–সংশ্লিষ্টরা বছরের ৩৬৫ দিন মানুষের জন্য দুধ, দুগ্ধজাত খাদ্য ও দুগ্ধ উপাদান সরবরাহ করে যাচ্ছে। বৈশ্বিক খাদ্যতালিকায় দুধ ও দুগ্ধজাত খাদ্য প্রোটিন, শক্তি ও চর্বির গুরুত্বপূর্ণ উৎস; বিভিন্ন দেশে খাদ্যাভ্যাসভেদে দুধ প্রোটিনের প্রায় ৬ থেকে ১৯ শতাংশ, ক্যালরির ৩ থেকে ৯ শতাংশ এবং চর্বির ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত জোগান দিতে পারে।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও নারী খামারিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ পরিবারে গাভি পালন, বাছুর পরিচর্যা, দুধ দোহন, খাদ্য দেওয়া, গোয়াল পরিষ্কার, দুধ সংরক্ষণ এবং অনেক ক্ষেত্রে দুধ বা দুগ্ধপণ্য বিক্রির কাজেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু তাঁদের এই শ্রম অনেক সময় আনুষ্ঠানিক স্বীকৃতি পায় না। দুগ্ধ খাতকে টেকসই করতে হলে নারী খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তি, ঋণসুবিধা, বাজারসংযোগ এবং উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি নিশ্চিত করা জরুরি।
দুধ শিশু, কিশোর, গর্ভবতী নারী, বৃদ্ধ এবং কর্মক্ষম মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য। এতে আছে উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ উপাদান। তবে আজকের দিনে দুধ উৎপাদন শুধু গাভি পালন ও দুধ দোহনের মধ্যে সীমাবদ্ধ নেই। রোগব্যাধি, খাদ্যব্যয়, শ্রমঘাটতি, জলবায়ু পরিবর্তন এবং নিরাপদ খাদ্যের চাহিদা দুগ্ধ খাতকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নতুন যুগে নিয়ে যাচ্ছে।
বাংলাদেশের দুগ্ধ খাতের সম্ভাবনা কাজে লাগাতে হলে খামারিকে প্রশিক্ষণ দিতে হবে, নারী খামারিদের স্বীকৃতি বাড়াতে হবে, জিনভিত্তিক নির্বাচন ও জীবপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিরাপদ দুধ উৎপাদনের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। কারণ, ভবিষ্যতের দুধ শুধু গাভির ওলান থেকে আসবে না; আসবে সেন্সর, জিন, তথ্যপ্রযুক্তি, নারী খামারির শ্রম, প্রক্রিয়াজাতকরণ এবং দায়িত্বশীল খামার ব্যবস্থাপনার সমন্বয় থেকে।
এই পরিবর্তনের তিনটি বড় দিক হলো সেন্সরভিত্তিক নির্ভুল খামার ব্যবস্থাপনা, জিনভিত্তিক নির্বাচন এবং নারী খামারির সক্রিয় অংশগ্রহণ। আধুনিক সেন্সর ও যন্ত্রের সাহায্যে গাভির হাঁটাচলা, জাবর কাটা, শরীরের তাপমাত্রা, দুধের পরিমাণ, দুধের গুণমান এবং খামারের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ করা যায়।
এতে খামারি দ্রুত বুঝতে পারেন কোন গাভি অসুস্থ হচ্ছে, কোন গাভি প্রজননের উপযুক্ত সময়ে আছে, কিংবা কোন গাভির দুধ উৎপাদন কমে যাচ্ছে। ওলান প্রদাহ দুগ্ধ খামারের অন্যতম বড় সমস্যা। এতে দুধের মান ও উৎপাদন কমে, খামারির আর্থিক ক্ষতি হয়। গাভির আচরণ, দেহতাপ, দুধের পরিবর্তন বা খাদ্যগ্রহণে অস্বাভাবিকতা দ্রুত ধরা গেলে চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব। এতে পশুর কষ্ট কমে, চিকিৎসা খরচ কমে এবং দুধের মান রক্ষা করা যায়।
প্রজনন ব্যবস্থাপনাতেও প্রযুক্তির বড় ভূমিকা আছে। অনেক সময় গাভির ঋতুকাল ঠিক সময়ে বুঝতে না পারলে কৃত্রিম প্রজননের সুযোগ নষ্ট হয়। সেন্সরভিত্তিক পর্যবেক্ষণে গাভির চলাফেরা ও আচরণের পরিবর্তন দেখে ঋতুকাল শনাক্ত করা যায়। এতে সময়মতো প্রজনন করানো সহজ হয়, বাছুর উৎপাদন বাড়ে এবং খামারের লাভজনকতা বৃদ্ধি পায়।
জিনভিত্তিক নির্বাচন দুগ্ধ খাতকে আরও বৈজ্ঞানিক ভিত্তি দিচ্ছে। এর মাধ্যমে এমন গাভি বাছাই করা যায়, যাদের দুধ উৎপাদন বেশি, রোগ প্রতিরোধক্ষমতা ভালো, প্রজননক্ষমতা উন্নত এবং স্থানীয় পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বেশি। ভবিষ্যতে রোগপ্রতিরোধী, বেশি দুধদায়ী এবং জলবায়ু সহনশীল গাভি তৈরিতে এই পদ্ধতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
দুগ্ধ খাতে জীবপ্রযুক্তির ব্যবহারও বাড়ছে। কৃত্রিম প্রজনন, ভ্রূণ স্থানান্তর, টিকা, রোগনির্ণয় কিট, প্রোবায়োটিক, এনজাইম, সাইলেজ প্রস্তুতকরণ—এসবের মাধ্যমে উন্নত জাতের গাভি নির্বাচন, রোগপ্রতিরোধ, খাদ্য হজমের উন্নতি এবং দুধের গুণমান বাড়ানো সম্ভব। প্রোবায়োটিক ও এনজাইম গাভির হজমশক্তি ও পুষ্টি শোষণে সহায়তা করতে পারে। ভালো সাইলেজ খামারিকে সারা বছর মানসম্মত খাদ্য সরবরাহে সাহায্য করে।
তবে প্রযুক্তি মানেই শুধু বড় খামারের বিষয় নয়। বাংলাদেশে ছোট ও মাঝারি খামারির সংখ্যাই বেশি। তাই প্রযুক্তিকে স্থানীয় বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। সহজলভ্য সেন্সর, মোবাইলভিত্তিক খামার ব্যবস্থাপনা, নিয়মিত রেকর্ড রাখা, খামারি প্রশিক্ষণ, পশুর চিকিৎসাসহায়তা এবং পরীক্ষাগারের সুবিধা নিশ্চিত করা গেলে ছোট খামারিরাও আধুনিক প্রযুক্তির সুফল পেতে পারেন।
বাংলাদেশের দুগ্ধশিল্পের একটি বড় সমস্যা হলো দুধ উৎপাদন বাড়লেও অনেক সময় খামারিরা ন্যায্যমূল্য পান না। বাজারে কাঁচা দুধের দাম ওঠানামা করে, ফলে খামারির আয় অনিশ্চিত হয়ে পড়ে। এই বাস্তবতায় দুধ প্রক্রিয়াজাতকরণ হতে পারে কার্যকর সমাধান। দুধ থেকে দই, ঘি, মাখন, পনির, মাঠা, লাচ্ছি, বোরহানি ও দেশি মিষ্টান্ন তৈরি করা গেলে একই দুধের মূল্য অনেক গুণ বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে ডেইরি ফুড প্রসেসরস নেটওয়ার্ক বাংলাদেশ খামারি ও উদ্যোক্তাদের দুধ প্রক্রিয়াজাত পণ্য তৈরিতে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে একটি বাস্তবসম্মত পথ দেখাচ্ছে।
কাঁচা দুধের বদলে দই, ঘি, মাখন, পনির, লাচ্ছি ও অন্যান্য দুগ্ধপণ্য বাজারজাতের মাধ্যমে খামারিকে বেশি লাভজনক ও টেকসই করা এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য দুগ্ধ প্রক্রিয়াজাত পণ্য তৈরি একটি সম্ভাবনাময় ক্ষেত্র। অল্প জায়গা, সীমিত মূলধন এবং সঠিক প্রশিক্ষণ থাকলে অনেকেই নিজস্ব নামে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধপণ্য বাজারজাত করতে পারেন। এতে খামারির দুধ বিক্রির নিশ্চয়তা তৈরি হয় এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।
বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ আমাদের মনে করিয়ে দেয়—নিরাপদ ও পুষ্টিকর দুধ উৎপাদনের জন্য গাভির স্বাস্থ্য, সঠিক খাদ্য, পরিচ্ছন্ন খামার, নিয়মিত রোগপ্রতিরোধ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং দুধ প্রক্রিয়াজাতকরণের দক্ষতা জরুরি।
বাংলাদেশের দুগ্ধ খাতের সম্ভাবনা কাজে লাগাতে হলে খামারিকে প্রশিক্ষণ দিতে হবে, নারী খামারিদের স্বীকৃতি বাড়াতে হবে, জিনভিত্তিক নির্বাচন ও জীবপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিরাপদ দুধ উৎপাদনের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। কারণ, ভবিষ্যতের দুধ শুধু গাভির ওলান থেকে আসবে না; আসবে সেন্সর, জিন, তথ্যপ্রযুক্তি, নারী খামারির শ্রম, প্রক্রিয়াজাতকরণ এবং দায়িত্বশীল খামার ব্যবস্থাপনার সমন্বয় থেকে।
ড. এ কে এম হুমায়ুন কবির শিক্ষক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
akmhumayun@cvasu.ac.bd
সূত্র: প্রথম আলো