জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে পেশিশক্তি ও টাকার প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, জনগণকে আহ্বান জানাই, তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাবও রয়েছে।
এনসিপির এই নেতা বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভোটাধিকার নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, সরকারের তিনটি দায়িত্ব ছিল- বিচার, সংস্কার ও নির্বাচন। সেটি এখন বাস্তবায়নের পথে। তফসিল ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্বাচনী আসনে ব্যয়ের সীমা মান্য করার কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
এদিকে তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশ নেবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির কোনও শঙ্কা ছিল না। তিনি বলেন, বিএনপি বরাবরই বলেছে সংকট উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি।