বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

আনন্দযাত্রা রূপ নিল বিষাদে, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আনন্দযাত্রা রূপ নিল বিষাদে, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ঈদের ছুটিতে ঘুরতে মোটরসাইকেলে ক‌রে দুই বন্ধু ঢাকা থে‌কে সি‌লেট যা‌চ্ছি‌লেন। হাসি ও গল্পের তাঁদের সেই আনন্দযাত্রা হঠাৎ রূপ নিল বিষাদে। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা।

মারা যাওয়া দুজন হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়া ও হাফেজা আক্তারের ছে‌লে। আর আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকার মো. আবদুল বাতেন ও আনোয়ারা বেগম দম্পতির ছে‌লে।

পুলিশ জানায়, দুই বন্ধু একটি হোটেলে কাজ করতেন। ঈদের ছুটিতে আনন্দ ভাগাভাগি করতে তাঁরা মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে মহাড়‌কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তাঁরা গুরুতর আহত হন। এ সময় আশপা‌শের লোকজন দুজনকে উদ্ধার করে মাধবপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর সা‌ড়ে ৫টার দিকে আবুল বাশার মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, সুরতহাল প্রতিবেদন শেষ করে দুজনের লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তরের প্রক্রিয়া চল‌ছে। পাশাপাশি অজ্ঞাতনামা গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...