শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

বার্সায় খেলবেন বলে শিখেছেন স্প্যানিশও, অবশেষে সেই বার্সায় গর্ডন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬
বার্সায় খেলবেন বলে শিখেছেন স্প্যানিশও, অবশেষে সেই বার্সায় গর্ডন

ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ইএসপিএনের সূত্র জানিয়েছে, গর্ডনকে কিনতে প্রাথমিকভাবে বার্সার খরচ হচ্ছে ৭ কোটি ইউরো। বিভিন্ন শর্ত পূরণ হলে অঙ্কটি ৮ কোটি ইউরোরও বেশি হতে পারে।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাওয়ার আগ্রহ দেখিয়েছিল বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও। যে কারণে গর্ডনকে দলে নিতে দ্রুততম সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বার্সেলোনা। এর আগে গত বুধবার ইএসপিএন জানিয়েছিল, গর্ডনের দলবদলের ফি নিয়ে বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার জন্য কাতালান শহর বার্সেলোনায় উড়ে যান এই তরুণ ফুটবলার।

সংক্ষিপ্ত পরিচিতি অনুষ্ঠানে গর্ডন বলেন, ‘এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকে এখানে খেলার স্বপ্ন দেখেছি। সত্যিই আমার স্বপ্নপূরণ হতে যাচ্ছে। আমি জানি, এই ক্লাবে খেলতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়। তবে আমি সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এই দায়িত্ব নেওয়ার জন্যও আমি প্রস্তুত। আমি জানি, এই জার্সি আগে যাঁরা পরেছেন, তাঁদের কারণে এর আলাদা এক মর্যাদা ও ভার আছে। তবে আমি প্রস্তুত। এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

বার্সেলোনার খেলোয়াড় হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই মুগ্ধ করেছেন গর্ডন। কাগজপত্র–সংক্রান্ত জটিলতায় অনুষ্ঠানটি আট ঘণ্টার বেশি দেরিতে শুরু হলেও কয়েকটি প্রশ্নের উত্তর তিনি স্প্যানিশ ভাষায় দেন। গর্ডন জানান, অনেক দিন ধরেই তিনি স্প্যানিশ শিখছেন। কারণ, একদিন বার্সেলোনায় খেলবেন, এমন বিশ্বাস তাঁর ছোটবেলা থেকেই ছিল।

তিনি আরও যোগ করেন, ‘বিশ্বাস করুন আর না-ই করুন, ছোটবেলায় আমি ভাবতাম একদিন বার্সেলোনার হয়ে খেলব। তাই স্প্যানিশে কথা বলতে চেয়েছি। নিউক্যাসলে আমার একজন স্প্যানিশ ফিজিও আছেন। আমরা প্রতিদিন কথা বলতাম। তাঁকে আমি বলতাম, একদিন বার্সেলোনার হয়ে খেলব, তাই স্প্যানিশ শিখতে চাই। এভাবেই ভাষাটা কিছুটা রপ্ত করেছি।’

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের চাওয়া অনুযায়ী এ গ্রীষ্মে আক্রমণভাগে যে পরিবর্তন আনা হচ্ছে, তারই অংশ হিসেবে দলে যোগ দিয়েছেন গর্ডন। মূলত বাঁ প্রান্তে খেললেও অ্যাটাকিং মিডফিল্ডারের  ভূমিকাতেও খেলতে পারেন তিনি। তাঁর আগমনে আরও শক্তিশালী হলো বার্সেলোনার আক্রমণভাগ, যেখানে আগে থেকেই আছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।

গর্ডন বলেন, ‘লামিনে ও দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারব, এটা ভেবে আমি রোমাঞ্চিত। আমার বিশ্বাস, আপনার চারপাশে যত বেশি মানসম্পন্ন খেলোয়াড় থাকবে, আপনি তত ভালো খেলতে পারবেন। এই খেলোয়াড়েরা বিশ্বের সেরা পর্যায়ে আছে একটা কারণেই। তারা বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। আমি হ্যান্সি ফ্লিকের সঙ্গেও কথা বলেছি। আগেই আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার পর আরও বেশি রোমাঞ্চিত হয়ে পড়েছি। তিনি খুবই ভালো একজন মানুষ এবং অসাধারণ একজন কোচ। আশা করি, আমরা একসঙ্গে অনেক শিরোপা জিততে পারব।’

বার্সেলোনার হয়ে সম্ভাব্য অর্জন নিয়ে গর্ডন বলেন, ‘বার্সেলোনার মতো ক্লাবের হয়ে যেকোনো শিরোপা জেতাই বিশেষ কিছু। আমি সব ট্রফিই জিততে চাই। তবে আমার কাছে চ্যাম্পিয়নস লিগ অসাধারণ এক ট্রফি। ক্লাবের ষষ্ঠ ইউরোপিয়ান কাপ জিততে পারলে সেটি হবে স্মরণীয় এক মুহূর্ত।’

বার্সেলোনায় আনুষ্ঠানিকতা শেষ করে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে যোগ দেবেন গর্ডন। টমাস টুখেলের ইংল্যান্ড দলে অন্যতম তুরুপের তাস ভাবা হচ্ছে তাঁকে।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...